যে বৃক্ষ মানুষের জীবনসঙ্গী, সেই বৃক্ষ প্রাণঘাতী হলো কার দোষে? গত সোমবার রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে একটি বিশাল কৃষ্ণচূড়াগাছের নিচে চাপা পড়ে প্রাণ হারান প্রখ্যাত চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। শিকড় আলগা হয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ ভূমিশয্যা নেয় এবং খাড়াখাড়ি পড়ে মিঠুকে বহন করা রিকশার ওপর। কবে থেকে গাছটি দুর্বল হয়ে পড়ছিল, সেই খবর যাঁদের রাখার কথা তঁারা রাখেননি বলেই একজন শিল্পীকে অকাল মৃত্যুর শিকার হতে হলো।
রাজধানীর সড়ক ও ফুটপাতের পাশের গাছের শিকড় অগভীর। কারণ নিচে মাটি নেই, তা ছাড়া নানা কারণে গাছের শিকড় গভীরে যেতে পারে না। ফলে মাটি কামড়ে থাকার শক্তি তাদের কম। তা ছাড়া নির্মাণকাজ, ফুটপাত সংস্কার কিংবা খোঁড়াখুঁড়ির কারণেও বড় বড় বৃক্ষের শিকড় আলগা হয়ে থাকে। তাই সামান্য ঝড়-বৃষ্টিতেই উপড়ে পড়ছে গাছ। ফলে ঘটছে নানা দুর্ঘটনা।
সড়ক ও ফুটপাতের পাশে কত গাছ আছে, সেই পরিসংখ্যানও নেই ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। কোথায় কী ধরনের গাছ লাগানো হবে, সে ব্যাপারেও সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে।
সড়কের ধারে গাছ, স্থাপনা বা খুঁটি ঝুঁকিপূর্ণ কি না, তা চিহ্নিত করার কথা সিটি করপোরেশনের। কিন্তু কাজটি তারা যে যথাযথভাবে করছে না, মর্মান্তিক ঘটনাটি তারই হুঁশিয়ারি জানিয়ে গেল।
সামনেই বৈশাখ মাস। কালবৈশাখীর ঝড়ে এ রকম আরও গাছ উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সিটি করপোরেশনকে জরুরি ভিত্তিতে রাজধানীতে গাছের তালিকা করে ঝুঁকিপূর্ণ গাছগুলোকে শনাক্ত করতে হবে। কাজেই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে হয়তো আমরা খালিদ মাহমুদ মিঠুর মতো আরও অনেক মূল্যবান প্রাণ হারাব।